• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম


টানা দুই মাস আইসিসির মাসসেরা বাংলাদেশের ক্রিকেটার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১:০৬ এএম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। রোববার (২২ জুন) এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ ঘোষণা দেয়।

মাসসেরা হওয়ার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশ দলের সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরিকে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিকুর রহিম ৬০-এর বেশি গড়ে মোট ২৫৩ রান করেন। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেন ৭১ রান। আর সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের ইনিংস। ধারাবাহিক এই পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন অভিজ্ঞ এই ব্যাটার।

অন্যদিকে, একই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই ম্যাচে ১৯ দশমিক ৬১ গড়ে তিনি শিকার করেন ১৩ উইকেট। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রান খরচায় নেন ৬ উইকেট। ব্যাট হাতেও সিরিজে ৫৮ রান যোগ করেন তিনি।

এ নিয়ে টানা দুই মাস আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি গেল বাংলাদেশের ঝুলিতে। এর আগে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানা।

মুশফিকুর রহিমের জন্য এটি আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের দ্বিতীয় ঘটনা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার আগে কেবল সাকিব আল হাসান একাধিকবার এই সম্মান অর্জন করেছিলেন।