• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম


বেশি খায়, বেশি চিল্লায়— তাই গরুর নাম ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৪:৪৩ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ব্যতিক্রমী নামকরণ করেছেন এক খামারি। নিজের পালিত কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। গরুটি বেশি চিৎকার করে এবং প্রচুর খাবার খায় বলেই এমন নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) গরুটি ও এর মালিককে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর থেকেই বিশাল আকৃতির কালো রঙের গরুটি দেখতে কোরবানির হাটে ভিড় করছেন উৎসুক মানুষ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গরুর মালিক হাটে দাঁড়িয়ে গরুটির নামকরণের কারণ ব্যাখ্যা করছেন। তিনি বলেন, ‘এটার নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী। অনেক চিল্লায় দেখে এই নাম রাখছি। গরুটি খাওয়ার জন্যও বেশি চিল্লায়। খাওয়া কম হলেই চিল্লাইতে থাকে।’

গরুটির খাদ্যাভ্যাস সম্পর্কেও বিস্তারিত জানান খামারি। তার ভাষ্য অনুযায়ী, বিশালাকৃতির এই ষাঁড় একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিন নিয়মিত ঘাস ও খড়ও খাওয়াতে হয়।

বর্তমানে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’ নামের গরুটির দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা। খামারি জানিয়েছেন, ৯ লাখ টাকা দাম পেলেই গরুটি বিক্রি করে দেবেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মজার ছলে বিভিন্ন মন্তব্য করছেন।

খোরশেদ আলম নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এখন ঠিক আছে, এর নাম শুনে গরু রাগ করবে না তো!’

হিরণ আলী নামে আরেকজন লেখেন, ‘ফিড বেশি খাওয়ানো হইছে, তাই অস্থিরতার কারণে চিল্লায়।’

মো. মহসিন হোসেন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর একটা নাম।’

অন্যদিকে সাব্বির আহমেদ প্রতীক নামে একজন রসিকতা করে লিখেছেন, ‘পাটওয়ারীর শেষ রক্ষা হলো না।’

ঈদকে সামনে রেখে পশুর হাটে এমন ব্যতিক্রমী নামকরণ ও ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিনোদনের খোরাক জুগিয়েছে।

/এসএন