ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের পেইড ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে। নতুন এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক এবং জমা রাখা অর্থের ওপর বার্ষিক মুনাফার সুবিধাও পাবেন।
এক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ‘এক্স মানি’ ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-তে যুক্ত করা যাবে। পরবর্তীতে ব্যবহারকারীদের একটি ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ডও সরবরাহ করা হবে।
এই কার্ডের মাধ্যমে বিদেশে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের এটিএম বুথ থেকে বিনা খরচে নগদ অর্থ উত্তোলনের সুবিধাও থাকবে। ফলে বাড়তি ব্যয় ছাড়াই এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত অর্থ আদান-প্রদান করা সম্ভব হবে।
এক্সের প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা অ্যাকাউন্টে জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। এছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও দেওয়া হবে। ডাইরেক্ট ডিপোজিট সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন জমা হওয়া অর্থ ব্যবহারের সুযোগও থাকবে।
‘এক্স মানি’ চালুর মধ্য দিয়ে ইলন মাস্কের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। টুইটার অধিগ্রহণের পর থেকেই তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
/এসএন