• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম


ট্রিলিয়নেয়ার হয়েও ৪০০ বর্গফুটের ঘরে থাকেন ইলন মাস্ক!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ৬:১৪ পিএম

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে ইতিহাস গড়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের অভাবনীয় শেয়ার বিক্রির (আইপিও) পর তার সম্পদের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে বিপুল এই সম্পদের মালিক হয়েও জীবনযাপনে চরম সরলতার উদাহরণ তৈরি করেছেন তিনি।

গালফ নিউজের তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল বাড়িগুলো বিক্রি করে বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকায় স্পেসএক্সের ‘স্টারবেস’ রকেট সেন্টারের কাছে মাত্র ৪০০ বর্গফুটের একটি ছোট ভাড়াবাড়িতে বসবাস করছেন মাস্ক।‘বক্সাবল’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি ২০ ফুট বাই ২০ ফুট আকারের এই প্রিফ্যাব্রিকেটেড ঘরটির মূল্য প্রায় ৫০ হাজার ডলার।

তবে এটি তিনি স্পেসএক্সের কাছ থেকে ভাড়া নিয়েছেন। ছোট এই ইউনিটে রয়েছে একটি বসার ঘর, শোবার জায়গা, রান্নাঘর এবং একটি সাধারণ বাথরুম।ইলন মাস্ক নিজেই বাড়িটিকে ‘দারুণ’ বলে উল্লেখ করেছেন। তার মা মে মাস্ক একবার বাড়িটি ঘুরে দেখে জানান, সেখানে ফ্রিজে কোনো খাবারও থাকে না এবং ঘুমানোর ব্যবস্থাও অত্যন্ত সাধারণ। জায়গা বাঁচাতে ঘরে ব্যবহার করা হয়েছে দেয়ালের সঙ্গে ভাঁজ করে রাখা যায় এমন ‘মারফি বেড’ এবং ন্যূনতম কিছু রান্নার সরঞ্জাম।

এর আগেও কাজের প্রতি তার নিবেদন নিয়ে বহু আলোচনা হয়েছে। টেসলার উৎপাদন সংকটের সময় তিনি কারখানার মেঝেতেই রাত কাটিয়েছেন বলে জানা যায়। বিলাসবহুল জীবনযাপনের পরিবর্তে কাজকে অগ্রাধিকার দেওয়াই তার অভ্যাস।তবে মাস্কের সম্পত্তির তালিকায় বিলাসবহুল বাড়ির অভাব নেই। অস্টিনের কাছে তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় ৩৫ মিলিয়ন ডলার মূল্যের কয়েকটি বড় বাড়ি রয়েছে।

এসব বাড়ির আয়তন ৬ হাজার থেকে ৯ হাজার বর্গফুট পর্যন্ত এবং সেখানে সুইমিং পুলসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। তবুও তিনি সেসব বাড়িতে না থেকে ছোট এই বাড়িতেই থাকতে পছন্দ করেন।বিশ্লেষকদের মতে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও এমন জীবনযাপন ইলন মাস্কের কাজের প্রতি একাগ্রতা এবং লক্ষ্যভিত্তিক মানসিকতার প্রতিফলন।

স্পেসএক্সের স্টারশিপ প্রকল্পের কাজ সরাসরি তদারকি করার সুবিধার জন্যই তিনি রকেট সেন্টারের কাছাকাছি অবস্থান করছেন।প্রযুক্তিগত অগ্রগতি এবং মানবজাতির ভবিষ্যৎ গঠনের স্বপ্নকেই ব্যক্তিগত আরাম-আয়েশের চেয়ে বেশি গুরুত্ব দেন ইলন মাস্ক। আর সেই কারণেই ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও তার ঠিকানা এখন একটি ছোট্ট ৪০০ বর্গফুটের ঘর।

/বিএসএস