• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম


বিশ্বে প্রথমবারের মত ট্রিলিয়ন ডলারের ক্লাবে ইলন মাস্ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১১:৩৪ পিএম

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) থেকে রেকর্ড ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক। এই আইপিওকে ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে আবির্ভূত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

আইপিওতে স্পেসএক্স প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে মোট ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৭৫ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করে।

এই মূল্য নির্ধারণের ফলে স্পেসএক্সের বাজারমূল্য প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের মতে, ‘এসপিসিএক্স’ প্রতীকে নাসডাক স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হলে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্যতম হয়ে উঠতে পারে।

আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, তালিকাভুক্তির পর ইলন মাস্কের কাছে প্রায় ৮৪ কোটি ৯৫ লাখ ক্লাস-এ শেয়ার এবং ৫৫৭ কোটি ক্লাস-বি শেয়ার থাকবে। এর ফলে তিনি কোম্পানিটির মোট ভোটিং ক্ষমতার প্রায় ৮৪ দশমিক ৪ শতাংশ নিয়ন্ত্রণ করবেন।

আইপিও মূল্য অনুযায়ী হিসাব করলে, স্পেসএক্সে ইলন মাস্কের ঘোষিত শেয়ারহোল্ডিংয়ের মূল্য দাঁড়ায় প্রায় ৮৬৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর সঙ্গে তার অন্যান্য ব্যবসা ও সম্পদের মূল্য যোগ হলে তার মোট সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্পেসএক্সের এই নজিরবিহীন আইপিও শুধু প্রযুক্তি ও মহাকাশ শিল্পেই নয়, বৈশ্বিক পুঁজিবাজারের ইতিহাসেও একটি নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এএসএফ