মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
আয়োজক পর্যায়ে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। তাঁদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতেশামুল হক হীরা।
জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন হীরার এ অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি কুরআনভিত্তিক প্রতিভা বিকাশে আরটিভির উদ্যোগেরও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
‘আলোকিত কুরআন’ দীর্ঘদিন ধরে দেশব্যাপী প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের মঞ্চে তুলে ধরতে ভূমিকা রেখে আসছে। হাফেজ ইহতেশামুল হক হীরার এই অর্জন সেই ধারাবাহিকতার আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।
হীরার এ সাফল্য উপলক্ষে কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, এ অর্জন বাংলাদেশের কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের।
হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
/এএসএফ