হিরা পর্বতের পাদদেশে কুরআন জাদুঘর, এক ছাদের নিচে অবতরণ থেকে সংরক্ষণের ইতিহাস
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হিরা পর্বতের পাদদেশে অবস্থিত হিরা কুরআন জাদুঘরে আধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে পবিত্র কুরআনের অবতরণ, সংকলন ও সংরক্ষণের ইতিহাস। ঐতিহাসিক হিরা গুহার কাছাকাছি অবস্থিত এই জাদুঘর দর্শনার্থীদের কুরআনের ইতিহাস জানার পাশাপাশি প্রথম ওহি অবতরণের ঐতিহাসিক প্রেক্ষাপট উপলব্ধির সুযোগ করে দিচ্ছে।
ইরানের সংবাদমাধ্যম ইকনার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিরা সাংস্কৃতিক এলাকার অংশ হিসেবে গড়ে ওঠা এই জাদুঘরে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে পবিত্র কুরআনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে মক্কা ও পবিত্র স্থানগুলোর উন্নয়নে সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হিসেবে এটি বিশেষ গুরুত্ব পায়।
জাদুঘরটিতে রয়েছে ওহি অবতরণের ইতিহাস, পবিত্র কুরআন সংকলনের বিভিন্ন পর্যায় এবং কুরআনবিষয়ক জ্ঞান, তাফসির, হিফজ ও তাজবিদ নিয়ে বিশেষ প্রদর্শনী। পাশাপাশি দুর্লভ হস্তলিখিত কুরআনের নমুনা, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং কুরআন লিখন ও মুদ্রণের ইতিহাসও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
আধুনিক ডিজিটাল পর্দা ও ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা প্রথম ওহি অবতরণের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর হিরা গুহায় প্রথম ওহি অবতরণের ঘটনাকে কেন্দ্র করে সাজানো এসব উপস্থাপনা কুরআনের ইতিহাসকে আরও সহজবোধ্য করে তুলেছে।
জাদুঘরটির স্থাপত্যেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। মক্কার পাহাড়ের মাটির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবনটির নকশা করা হয়েছে। খিলান, তোরণ, বাঁকানো রেখা ও আরবি ক্যালিগ্রাফির নান্দনিক ব্যবহার স্থাপনাটিকে দিয়েছে আলাদা রূপ। একই সঙ্গে ভবনের নকশায় হিরা পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য ও দৃশ্যমানতা অক্ষুণ্ন রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
জাদুঘরের ভেতরে ও আশপাশে সবুজ গাছপালা, প্রশান্ত পরিবেশ এবং পরিকল্পিত আলোকসজ্জা দর্শনার্থীদের জন্য তৈরি করেছে নান্দনিক পরিসর। স্থাপত্য ও প্রকৃতির সমন্বয়ে এখানে শুধু ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগই নয়, বরং জ্ঞান অর্জন ও চিন্তাভাবনার পরিবেশও রয়েছে।
হিরা কুরআন জাদুঘরে পবিত্র কুরআনের অবতরণ থেকে শুরু করে এর লিখন, সংকলন, সংরক্ষণ ও প্রচারের ইতিহাস একই পরিসরে তুলে ধরা হয়েছে। ফলে ঐতিহাসিক হিরা পর্বত দেখতে আসা দর্শনার্থীদের কাছে এটি কুরআনের ইতিহাস ও ইসলামি ঐতিহ্য জানার অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।
/এএসএফ