মার্কিন টেলিভিশন ও হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিংয়ে থাকা অবস্থায় তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হলিউড তারকা জিয়ানকার্লো এস্পোসিতো শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিম সমাজের ইতিবাচক আচরণ, জীবনযাপন, অতিথিপরায়ণতা এবং সামাজিক সম্প্রীতি অভিনেতার ওপর গভীর প্রভাব ফেলে। এসব অভিজ্ঞতাই তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে।
শুটিং চলাকালে এস্পোসিতো একটি মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাকে মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।
দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো টেলিভিশন ও চলচ্চিত্র জগতে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়।
এ ছাড়া ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছে।
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, এস্পোসিতো বর্তমানে ‘সেভেন ডগস’ নামের একটি উচ্চ বাজেটের চলচ্চিত্রের কাজ নিয়ে সৌদি আরবে ব্যস্ত সময় পার করছেন। আন্তর্জাতিক নির্মাতা ও তারকাদের আকৃষ্ট করে সৌদি আরবের বিনোদন খাতকে আরও সমৃদ্ধ করার যে পরিকল্পনা চলছে, এই প্রকল্পকে তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
/এএসএফ