হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদি আরবে অবস্থানকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, এসপোসিতো ইসলাম ধর্মের মূল বিশ্বাসের ঘোষণা ‘শাহাদাহ’ পাঠ করেন। পরবর্তীতে তিনি একটি মসজিদে নিজের প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে জিয়ানকার্লো এসপোসিতো অসাধারণ অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সাউল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় হলিউড প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি এনে দেয়। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কারের মনোনয়নও লাভ করেন।
তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে কাজ করার সময় মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় এবং সেখানকার ইতিবাচক অভিজ্ঞতা এসপোসিতোর ওপর প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, সৌদিতে শুটিং চলাকালে পাওয়া আতিথেয়তা এবং স্থানীয় মানুষের আন্তরিকতার জন্য এসপোসিতো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা গেছে, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিচ্ছেন এই অভিনেতা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘সেভেন ডগস’ সৌদি আরবে নির্মিত বড় বাজেটের অন্যতম প্রযোজনা। দেশটি বর্তমানে বিনোদন ও চলচ্চিত্র শিল্প সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী ও নির্মাতা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
/এসএন