• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম


কোটি মানুষ ক্ষুধার্ত, তবু বিশ্বজুড়ে এক খেলা নিয়ে উন্মাদনা: শায়খ আহমাদুল্লাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৭:৪৭ পিএম

বর্তমান বিশ্বের সামাজিক বাস্তবতা এবং মানুষের নৈতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, পৃথিবী এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে চারদিকে যেন মনুষ্যত্বহীন ‘খোলস-মানুষের’ বসবাস।

ফেসবুক পোস্টে তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপের ব্যয়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ওই বিশ্বকাপ আয়োজনের পেছনে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য তুলে ধরে তিনি বলেন, বছরে মাত্র ৪০ বিলিয়ন ডলার ব্যয় করলেই বিশ্বের ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যের ব্যবস্থা করা সম্ভব।

এই বিষয়টি তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একদিকে কোটি কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে, আর অন্যদিকে একটি খেলার পেছনে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা প্রমাণ করে যে মানুষ অনেক আগেই মনুষ্যত্বের প্রকৃত মর্যাদা হারিয়ে ফেলেছে।

পোস্টের মন্তব্য অংশে তিনি চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে করপোরেট খাতে সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়ও তুলে ধরেন। আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’-এর একটি জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, চলতি বিশ্বকাপ উপলক্ষে করপোরেট দুনিয়ায় প্রায় দুই লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে।

জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের দৈনন্দিন কাজের রুটিন পরিবর্তনের পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী ম্যাচ দেখার কারণে দেরিতে অফিসে আসা, আগেভাগে কর্মস্থল ত্যাগ করা কিংবা কর্মদিবসে অনুপস্থিত থেকে কাজ ফাঁকি দিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহর এই বিশ্লেষণধর্মী পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পোস্টটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে প্রায় ৬২ হাজারের বেশি মানুষ এতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। একই সময়ে দেড় হাজারের বেশি ব্যবহারকারী মন্তব্য করে নিজেদের মতামতও প্রকাশ করেন।

/এসএন