স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার দুই সন্তানের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে চলা আলোচনা-সমালোচনার পর জাতীয় সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে ইউনিয়নের নামকরণ সংক্রান্ত বিষয়টি তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এর আগে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় তার মীর বংশের নাম অনুসারে একটি ইউনিয়নের নাম ‘মীরবাড়ি’ রাখা হয়েছে। একই সঙ্গে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নাম অনুসারে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যা চান, মন্ত্রীদেরও সেটিই অনুসরণ করা উচিত। অতীতে নাম পরিবর্তনের রাজনীতিতে অনেক সময় নষ্ট হয়েছে এবং একই ধরনের সংস্কৃতি আবার ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
মাগরিবের নামাজের বিরতির পর সংসদে বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন দুটি অনেক বড় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণ করেছে।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। অন্যদিকে আরেকটি ইউনিয়ন গাইবান্ধার নিকটবর্তী হলেও দূরবর্তী এলাকায় হওয়ায় সেটির নাম দেওয়া হয়েছে ‘দিগন্ত’।
দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের ব্যবহার রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।”
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
বক্তব্যের একপর্যায়ে তিনি রসিকতার সুরে বলেন, “আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। বা উনি দয়া করে বলেননি যে গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।”
উল্লেখ্য, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। একই সঙ্গে মোকামতলা পৌরসভা গঠনের প্রক্রিয়াও চলছে।
গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।
/এসএন