• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম


ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন সাবেক অধিনায়ক সাকিব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৯:০৭ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের দুই বছর পূর্তির দিন আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পাশাপাশি এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়ে যায়।

রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা সাকিব বিভিন্ন সময়ে আলোচনায় এলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কমই বক্তব্য দিয়েছেন। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার অংশগ্রহণ রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

এদিকে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত থাকবেন না; অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।

ড. ওয়ায়েল আউয়াদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দিতে এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি। একই সঙ্গে ভারতের সংসদীয় কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড-সংক্রান্ত পর্যালোচনার বিষয়েও ক্লাবটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং ভারত সরকারের পক্ষ থেকেও কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অধীনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আইনি বিচার চলমান রয়েছে এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখা হয়েছে।

/এসএন