• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ এএম


ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা

ইসলামী ব্যাংক জনগণের, কোনো দলের নয়: ডা. শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ১১:০৩ পিএম

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষার প্রয়োজন হলে তিনি নিজেও রাজপথে নামবেন। এমনকি গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবার আগে নিজের বুক পেতে দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৩ জুন) রাতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি দেশের মানুষের ব্যাংক। যারা এই ব্যাংকে আমানত রেখেছেন, প্রকৃত অর্থে ব্যাংকটি তাদের। তিনি দাবি করেন, আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন হলে তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, “আমি বলবো, যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ওপর যদি গুলি ছোড়া হয় তাহলে আমি নিজেও সবার আগে বুক পেতে দিয়ে বলবো আগে আমার বুকে গুলি চালান। তার পর গ্রাহকদের ওপর গুলি চালাবেন। এই ব্যাংক দেশের সবার।”

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করে বলেন, একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, “আমি বলবো, একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে?”

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যেই জামায়াত আমিরের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

/এসএন