• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২০ এএম


বাংলাদেশ বাঙ্কের ডেপুটি গভর্নরের পদ হারানোর পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৯:০৫ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খুরশীদ আলম। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশীদ আলমকে রোববার (২৪ মে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করার পরপরই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত চিঠি দিয়ে ইসলামী ব্যাংককে বিষয়টি জানিয়েছে।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ওই পদে নিয়োগ দিয়েছিল। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর তিনি সহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

এরপর এবার তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এর আগে সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করলে গত বছরের ২৩ জুলাই জুবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই সভা হওয়ার কথা ছিল।

পর্ষদ সভায় এসে বাধ্যতামূলক ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করবেন—এমন আলোচনা চলছিল।

এর আগে গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ওই ছুটি শেষ হওয়ার কথা রয়েছে।

রোববার ওমর ফারুক খান ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হলেও আন্দোলনকারীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। যদিও একটি সূত্র জানিয়েছে, তিনিও ব্যাংকের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

/এসএন