• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম


আখতারুজ্জামানের গ্রেপ্তার-রিমান্ড নিয়ে সাদিক কায়েমের সমালোচনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ১১:২২ পিএম

প্রবাসীদের ভোগান্তি নিয়ে কথা বলায় প্রবীণ নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার সমালোচনা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিমানবন্দরের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেছেন, যে সরকার একটি বিমানবন্দরের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনাই ঠিকভাবে করতে পারে না, তারা পাঁচ বছর কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম।

পোস্টে সাদিক কায়েম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত যাত্রী হয়রানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি প্রবাসীদের পক্ষে কথা বলেছেন এবং বিমানবন্দরের অব্যবস্থাপনা ও তাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেছেন বলে মন্তব্য করেন সাদিক।

তিনি লিখেছেন, ‘এই বিমানবন্দরে প্রতিনিয়ত যাত্রী হয়রানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। কথা বলেছিলেন সেই প্রবাসীদের পক্ষে, যারা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন, যাদের পাঠানো রেমিট্যান্সে সরকার দেশ চালায়। প্রশ্ন তুলেছিলেন বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তি নিয়ে।’

এরপর প্রতিবাদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, ‘কিন্তু প্রতিবাদের জবাবে আমরা কি দেখলাম? যাদের ব্যর্থতার কারণে প্রবাসীদের ল্যাগেজ চুরি হয়, মালামাল ঠিকভাবে পাওয়া যায় না তাদের কিছু হলো না। অথচ যিনি ভোগান্তির শিকার হলেন, প্রতিবাদ করলেন, তাকে এরেস্ট করা হলো মামলার ঘণ্টাখানেকের মধ্যে।’

মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

সাদিক কায়েম তার পোস্টে আরও বলেন, ‘যে সরকার রাড্ডায় হাসপাতাল ভাঙচুরকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারল না, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকারীদের ধরতে পারল না, সেই ধ্বজভঙ্গ সরকার নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার হওয়ায় মেজর (অব.) আখতারুজ্জামানকে মামলার ঘণ্টাখানেকের মধ্যে গ্রেপ্তার করে ফেলল! একজন সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধাকে হ্যান্ডকাফ ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে আনা হলো, রিমান্ড দেওয়া হলো। শেইম!’

পোস্টের শেষ দিকে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রবাসীদের প্রতি বৈরী আচরণের অভিযোগ তোলেন সাদিক কায়েম। তিনি বলেন, ‘বিএনপি সরকার শুরু থেকেই খুল্লামখুল্লা প্রবাসী বিদ্বেষী আচরণ করছে। তারা নির্বাচনের আগে থেকে বারবার প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে, তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আর এখন তাদের ভোগান্তি নিয়ে কথা বলায় একজন সিনিয়র সিটিজেনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে।’

এরপর বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, ‘যে সরকার একটা বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকঠাক রাষ্ট্র চালাবে কীভাবে?’

/এসএন