গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি করা গরুর মাংস দিয়ে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। গরুটি চুরি করা বলে অভিযোগ ওঠায় বিয়ের পরদিনের বৌভাতের আয়োজনও ভণ্ডুল হয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। বিয়ের পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নেন।
এদিকে উপজেলার পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। পরে চুরি যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে শহিদুল ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে যান।
সেখানে বৌভাতের জন্য জবাই করা গরুটি দেখে তারা সেটিকে নিজেদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন।
এ নিয়ে প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে আনারুল গুরুতর আহত হন।
পরে শহিদুল মোবাইল ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বর সোহান ও তার ভাই রাব্বি সেখান থেকে পালিয়ে যান।
এ সময় পুলিশ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি বৌভাতের জন্য জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
/এসএন