• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম


ছাত্রদলের মামলায় পুলিশের হাতে আটক তারেক রেজা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ১১:১১ পিএম

ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় পূর্বঘোষিত একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে এসে জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মে) শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে প্রধান আসামি করা হয়। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাবেক সভাপতি এসএম সমেনুজ্জামান সমেনসহ আটজনের নাম উল্লেখ করা হয়।

এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির মামলা দায়ের করেন। ওই মামলায় তারেক রেজাসহ এনসিপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের দায়ের করা মামলার অন্যতম আসামি জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে শনিবার রাতে যশোর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তবে তাকে থানা কিংবা আদালতে হাজির না করার অভিযোগ তুলে রোববার বিকেলে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি।

ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে এসেই পুলিশি অভিযানে গ্রেফতার হন তারেক রেজা।

এদিকে, এনসিপির দায়ের করা মামলার প্রধান আসামিসহ অভিযুক্ত সবাইকে রোববার দুপুরে ঝিনাইদহ আদালত জামিন দিয়েছেন বলে জানা গেছে।