• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম


দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই: মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৫:২৬ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন আর আগের মতো সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন এবং জানেন। কেউ ভুল করলে জনগণ কাউকেই ক্ষমা করবে না।

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠানের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের যে ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে আমরা যেন কখনো ম্লান হতে না দিই। আমাদের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না।”

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। বিশেষ করে প্রকৌশলীদের প্রতি মানুষের আস্থা ও ভরসা রয়েছে। নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “এই দেশের মানুষ এখন আগের মতো সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করবে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরও ক্ষমা করবে না।”

তিনি প্রকৌশলীদের উদ্দেশে বলেন, জনগণের যে আস্থা ও প্রত্যাশা তাদের ওপর রয়েছে, সেটি যথাযথভাবে পালন করতে হবে।

বিগত সরকারের সময় এলজিইডি বিভাগ থেকে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। এ ধরনের অনিয়মের বিষয়ে প্রকৌশলীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য নতুন দিগন্ত তৈরির আহ্বান জানিয়ে বলেন, “আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য নতুন দিগন্ত সৃষ্টি করি, যাতে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।”

সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

তিনি বলেন, আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীকে একত্রিত করে প্রযুক্তিগত অগ্রগতি ও জাতি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

/এসএন