বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাদের আচরণ দেখে তারা মাদকাসক্ত কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আলাল। সভাটির আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’।
আলোচনা সভায় আলাল বলেন, “মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায়। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না।”
তিনি অভিযোগ করেন, রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়—এরা আসলে মাদকাসক্ত কি না।”
একই অনুষ্ঠানে দেশে মাদক চোরাচালান ও মাদকের বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন বিএনপির এই নেতা। তার দাবি, “শক্তিশালী রাজনৈতিক শক্তির কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না।”
আলাল আরও বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার পেছনেও মাদক অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।
আলোচনা সভায় ‘অপরাজেয় বাংলাদেশ’-এর নেতাসহ নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/এসএন