ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি একে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠান। শনিবার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এছাড়াও একে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিগ্যাল নোটিশটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেন।
নোটিশে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, “আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি করে মানহানিকর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন, তাতে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি।”
এতে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে