• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম


স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে জামায়াতের হুঁশিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ মে ২০২৬ ৮:০০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ দেওয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘মধ্যযুগীয়’ বলে যে মন্তব্য করেছেন, এর মাধ্যমে তিনি মূলত রাসূল (সা.) এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন।

তিনি আরও বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার করে থাকেন। কিন্তু বাস্তবে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান ও চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে।

তিনি বলেন, দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরীয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন।

সবশেষে এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।