ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিজ দলের নেতা-কর্মীদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঝালকাঠি জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ‘খাই খাই’ মানসিকতা পরিহারের আহ্বান জানান।
নিজের পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, ‘ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটাই খেয়ে ফেলবেন।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, যাদের রক্তের বিনিময়ে নেতা-কর্মীরা আজ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন, সেই ‘৩৬ জুলাইয়ের শহীদদের’ স্মরণেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেননি।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাত করতে পারেননি। শুধু নেতা হতে পদ চাই। খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।’
রফিকুল ইসলাম জামালের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগকে বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকেই।
রফিকুল ইসলাম জামাল বর্তমানে ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য। পাশাপাশি তিনি বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
/এসএন