যারা বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ দল বলে আখ্যায়িত করেন, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে মূল্যায়ন তাদের নিজেদের নেতারাই করবেন।
সোমবার রংপুর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জনগণের ভোটের মাধ্যমে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তিনি আরও বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে দলটির নেতারাই নির্ধারণ করবেন।
প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সরকারের কার্যক্রম তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে কৃষি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে, না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এএসএফ