সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষ হওয়ার পর তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী বিচার করা সম্ভব। এ ক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনো বাধা সৃষ্টি করে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা কার্যভারকালে যদি তিনি ফৌজদারী অপরাধ করে থাকেন দায়িত্ব পালন শেষে অবশ্যই আইন অনুযায়ী তার বিচার করা যাবে। এক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই।’
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরও তিনি বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই সাবেক রাষ্ট্রপতির বিচারসংক্রান্ত বিষয়ে নিজের আইনি ব্যাখ্যা তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
/এসএন