• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ এএম


তিন নেতা এক হলে এক সপ্তাহেই সরকারের পতন: অলি আহমদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ১১:১৪ পিএম

তিন নেতা এক হলে এক সপ্তাহেই সরকারের পতন: অলি আহমদ

তিন রাজনৈতিক নেতা একসঙ্গে আন্দোলনে নামলে বর্তমান সরকারের পতন এক সপ্তাহের মধ্যেই ঘটতে পারে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা শায়খুল হাদিস মামুনুল হক একসঙ্গে আন্দোলনে নামলে সরকারের পক্ষে তা মোকাবিলা করা কঠিন হবে।

তিনি দাবি করেন, এই তিন নেতা চাইলে ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে পারবেন এবং রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো অবরুদ্ধ করে দিতে সক্ষম হবেন। এ কারণেই সরকারকে জনগণের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, পদ বা অর্থ নয়, মানুষের কর্মই তাকে স্মরণীয় করে রাখে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অন্যের প্রভাবমুক্ত থেকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

এলডিপি সভাপতি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অতীত কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের ইতিহাস যাচাই করা প্রয়োজন। তা না হলে সরকার কেবল দলীয় সরকারের ভাবমূর্তি বহন করবে, জাতীয় সরকারের নয়।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, তার দলের অন্যতম প্রস্তাব হলো—যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। এ বিষয়ে সরকারকে ১১ দলীয় জোটের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলার প্রশংসা করে অলি আহমদ বলেন, ১৯৭৫ সালের পর থেকে দলটির কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা অত্যন্ত দৃঢ়।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে কঠোর বিচার হওয়া উচিত। এ বিষয়ে তিনি সমাবেশে বিভিন্ন মন্তব্য করেন।

/এএসএফ