• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৩ এএম


জুলাই আন্দোলনে শেখ হাসিনার সহযোগী ২৪ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১:১৪ পিএম

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে সমর্থন দেওয়া দেশের ২৪ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) গণহত্যায় সহযোগিতার অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করলে ২০২৪ সালের ২২ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উদ্যোগে ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে কয়েকজন শীর্ষ ব্যবসায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এফবিসিসিআইয়ের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম শেখ হাসিনার প্রতি ব্যবসায়ীদের সমর্থনের কথা তুলে ধরেন। একই ধরনের সমর্থনের বক্তব্য দেন বিজিএমইএর তৎকালীন সভাপতি এস এম মান্নান কচি এবং ব্যাংক মালিকদের সংগঠন বিএবি-র তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও।

এ ছাড়া দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বিকেএমইএর তৎকালীন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এপেক্স গ্রুপের প্রধান সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ আরও কয়েকজন ব্যবসায়ী আন্দোলনের সময় সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই বৈঠকে অংশ নেওয়া ২৪ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গণহত্যায় সহযোগিতার অভিযোগ জমা দেওয়া হয়।

ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, অভিযোগগুলোর তদন্ত এখনো চলমান। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনগতভাবে দোষী নন।

/এএসএফ