• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম


হাসিনার পতনের ২ বছরের পর দেখা মিলল জাফর ইকবালের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ৮:৪২ পিএম

দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নিয়েছেন। গত ১৯ জুলাই অনুষ্ঠিত ওই আয়োজনে তিনি স্ত্রী ড. ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও পোস্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বঙ্গবন্ধু পরিষদ’ পেনসিলভেনিয়া শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং লেখক ড. নূরন নবী ফুল দিয়ে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও দেখা যায়।

ড. নূরন নবীর ফেসবুক পোস্ট অনুযায়ী, ২০২৬ সালের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ গ্রহণের জন্য ড. জাফর ইকবাল অনুষ্ঠানে যোগ দেন। নিউজার্সিতে ড. নূরন নবী ও জিনাত নবীর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

তবে ড. মুহম্মদ জাফর ইকবাল কবে বাংলাদেশ ত্যাগ করেছেন বা তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অবস্থান করছেন কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ড. জাফর ইকবালের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদের ঘটনাও ঘটে। এসব বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্নমত রয়েছে।

/এএসএফ