• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম


পুলিশের ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়নপত্র জমা দেয়া সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৯:১১ পিএম

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান। পরদিন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ওই অনুষ্ঠানে তার উপস্থিতির ছবি ও সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে শিষ্টাচারবহির্ভূত আচরণ, উপনির্বাচনে বেআইনিভাবে প্রভাব বিস্তারের চেষ্টা এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

তিনি লিখিত জবাব জমা দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে মত দেয় বোর্ড। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দাখিল করেননি।

অভিযোগ, লিখিত জবাব, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনার পর তাকে বাধ্যতামূলক অবসরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পিএসসি এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। পরে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে ‘বাধ্যতামূলক অবসর’ গুরুদণ্ড দেওয়া হয়।

এর আগে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন মনিরুজ্জামান। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশে চাকরি চালিয়ে যাওয়া তার জন্য সমীচীন নয়। পাশাপাশি তিনি আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের প্রতি দেওয়া কিছু রাজনৈতিক নির্দেশনাকে অবৈধ বলে উল্লেখ করেন এবং ছাত্র-জনতার সঙ্গে তৎকালীন সরকারের আচরণেরও সমালোচনা করেন।

এ ছাড়া আবেদনপত্রে তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে রাজনৈতিক নির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে বহু মানুষ নিহত হয়েছেন, যার ফলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে তিনি পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন অব্যাহত রাখতে আগ্রহী নন বলেও উল্লেখ করেন।

/এএসএফ