প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে স্পেনের ফুটবলার পাবলো মার্তিনেজ পায়েস গাভিরা (গাভি)-র নামে প্রচারিত একটি উক্তিসংবলিত ফটোকার্ড শেয়ার করেছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে দেখা গেছে, ওই উক্তিটি সম্পূর্ণ ভুয়া এবং গাভি এমন কোনো মন্তব্য করেননি।
গত ২০ জুলাই প্রকাশিত পোস্টটির ক্যাপশনে আনিসুল হক লেখেন, “কমিটির টিম কি ওরাও জানে!!”। শেয়ার করা ফটোকার্ডে দাবি করা হয়, বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো প্যারেদেসকে উদ্দেশ করে গাভি বলেছেন, “আমি শুধু জিজ্ঞেস করেছিলাম ‘এবার কি ইনফান্তিনো তোমার ফোন ধরেনি?’ আর তখনই সে রেগে যায়। আমি যা বলতে চেয়েছিলাম, সেটাও শেষ করতে দেয়নি।”
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট-এর অনুসন্ধানে জানা গেছে, গাভি বাস্তবে এমন কোনো বক্তব্য দেননি। ফ্যাক্ট-চেক অনুযায়ী, কথিত উক্তিটি প্রথম প্রকাশিত হয় ‘David Ornside’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে, যা একটি প্যারোডি বা ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট।
অ্যাকাউন্টটির বায়োতে স্পষ্টভাবে “Football Fiction & Satire” এবং “Don’t believe a Single Word” লেখা রয়েছে। অর্থাৎ সেখানে প্রকাশিত বিষয়বস্তু কাল্পনিক ও ব্যঙ্গধর্মী। অ্যাকাউন্টটির নাম ও উপস্থাপনা ক্রীড়া সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের পরিচিতির সঙ্গে মিল রেখে তৈরি হলেও এটি তার প্রকৃত অ্যাকাউন্ট নয়।
স্পেনের কাতালোনিয়াভিত্তিক ফ্যাক্ট-চেকিং সংস্থা ভেরিফিক্যাটও অনুসন্ধান করে জানিয়েছে, গাভির নামে ছড়িয়ে পড়া উক্তিটির কোনো ভিত্তি নেই। সংস্থাটি বলেছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্টের তৈরি মনগড়া বক্তব্য এবং এর পক্ষে গাভির কোনো সাক্ষাৎকার বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য ডিসেন্ট, ভেরিফিক্যাট
/এএসএফ