• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম


ছাত্রশিবির ছাড়লেন সাদিক কায়েম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৫:৩৯ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

এরপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ জানান, সংগঠনের বর্তমান সেশনের ষান্মাসিক সাংগঠনিক ছুটিতে সাদিক কায়েমসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন সম্পাদক রয়েছেন। তারা হলেন—কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্বও পালন করেছেন।

তার শিক্ষাজীবনের শুরু খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসায়। সেখান থেকে ২০১৪ সালে দাখিল এবং পরে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে আলিম পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

/এসএন