• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম


চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা, বিয়েতে শুভেচ্ছা পেলেন সাদিক কায়েম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ মে ২০২৬ ৭:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে চীন যাচ্ছেন। শুক্রবার (১৫ মে) ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং ডাকসু কার্যালয়ে এসে নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের এই সফরের আমন্ত্রণ জানান।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, চীনা দূতাবাসের প্রতিনিধি লি শাওপ্যাং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে তাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

জানা গেছে, চীনা দূতাবাসের আমন্ত্রণে শনিবার থেকে ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে যাবে। এই সফরে তারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এ ছাড়া সফরকালে প্রতিনিধিদলটি চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থানও ঘুরে দেখবেন বলে জানা গেছে।

ডাকসুর এই সফরকে দুই দেশের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

/এসএন