ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আকদ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
এছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও অংশ নেন। এ সময় উপস্থিতদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি আইয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমা দম্পতির মেয়ে। তাদের পৈত্রিক বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
এদিকে এই বিয়েকে ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বিয়ের দাওয়াত দিতে সাদিক কায়েম জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
/এসএন