বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রয়াত এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।
ফেসবুক পোস্টের শুরুতেই ডা. শফিকুর রহমান লেখেন, “বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
স্ট্যাটাসে তিনি ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারকে সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার সর্বমহলে সমাদৃত ছিলেন। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শাসনামলে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলে সে সময় জমিরউদ্দীন সরকার তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে আরও লেখেন, জামায়াতের নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার। এ জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করলে জমিরউদ্দীন সরকার বলতেন, “এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।”
স্ট্যাটাসের শেষাংশে প্রয়াত এই আইনজীবী ও রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনা করে ডা. শফিকুর রহমান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
/এএসএফ