• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৩ এএম


চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় জামায়াত আমিরের ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পরিদর্শন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ২:৫২ পিএম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় যান ডা. শফিকুর রহমান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং পানিবন্দি পরিবারগুলোর দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর কর্মসূচি শেষ করে তিনি সাতকানিয়ার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের পরিকল্পনাও রয়েছে।

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখনো অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

পরিদর্শনকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসএন