জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ একটি ‘খুনি স্বৈরাচার’ দল। তিনি দাবি করেন, গণহত্যার মাধ্যমে দলটি দেশের এক হাজারের বেশি মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম যেখানে, সেই দিল্লিতেই তাদের রাজনৈতিক দাফন হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে পাবনার চাটমোহরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্ম দিল্লিতে, দাফনও দিল্লিতে হয়েছে। তাহলে দিল্লির একটি দল কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে? দিল্লির কোনো দলের কাছে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে? তাই বাংলাদেশপন্থি দলকেই আপনাদের বেছে নিতে হবে।’
প্রশাসনের ভূমিকা নিয়ে সারজিস আলম বলেন, গত ১৬ বছর দেশের মানুষ দলীয় প্রশাসনের অভিজ্ঞতা পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং দলীয় প্রশাসনও তাকে রক্ষা করতে পারেনি।
তিনি প্রশাসন ও পুলিশ বাহিনীকে জনগণের এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত হতে হবে।
দেশের সেবাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বর্তমানে সাধারণ মানুষ কোনো সেবা সহজে পায় না। প্রায় সব ক্ষেত্রেই দালাল, টাকা কিংবা প্রভাবশালীদের সুপারিশের প্রয়োজন হয়। এমন ব্যবস্থা একটি স্বাধীন ও কল্যাণমূলক রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, দলের নেতাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হলেও তার কোনো প্রমাণ দেখানো হয়নি। তিনি এসব অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এবং জালিম-মজলুমের পার্থক্য বিবেচনা করে ভোট দিতে হবে। কারা চাঁদাবাজি করে, কারা মাদক ব্যবসাকে প্রশ্রয় দেয় এবং কারা অন্যায় করে—এসব বিবেচনায় রেখেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বলেন, এনসিপি যদি ভালো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরও ভোট দেওয়ার প্রয়োজন নেই।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। তবে দেশের তরুণ প্রজন্ম এসব হুমকিতে ভয় পায় না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পরও ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি ভাঙেনি। তার অভিযোগ, বর্তমানে সেই কাঠামো অন্যভাবে টিকে থাকার চেষ্টা করছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সময়েও এতটা প্রকাশ্য দলীয়করণ ও পারিবারিককরণ হয়নি, যা বিএনপি গত কয়েক মাসে শুরু করেছে।
জাতীয় নাগরিক কমিটি পাবনা জেলা শাখার আয়োজনে এবং জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জুলাই আন্দোলনের পাবনার অন্যতম সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ এবং চাটমোহর উপজেলা এনসিপির সদস্য সচিব খায়রুল ইসলাম।
সমাবেশ শেষে চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে খন্দকার আক্তার হোসেন লেবুকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা চাটমোহর সরকারি কলেজ গেট থেকে পদযাত্রা শুরু করে বালুচর খেলার মাঠে সমাবেশস্থলে পৌঁছান। বৃষ্টির কারণে সমাবেশ শুরু হতে কিছুটা বিলম্ব হয়।
/এএসএফ