• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম


মাদারীপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যানসহ, সঙ্গে ১২ সদস্য!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ১০:৪৭ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য এবং শতাধিক কর্মী-সমর্থকও আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত থেকে আওয়ামী লীগের রাজনীতি থেকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগম।

সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শতাধিক কর্মী-সমর্থক। তারা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তবে সংবাদ সম্মেলনে দলত্যাগের কারণ বা ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

/এএসএফ