নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহযোগিতা করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। ছাত্রলীগের ‘নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
এ সময় তিনি বলেন, “নিষিদ্ধ এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ। তিনি বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
/এসএন