নানা অনিয়মের অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়ার পর এবার যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে।
রোববার (২১ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি জানান, সজীবের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা না থাকলেও ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তের স্বার্থে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: যুগান্তর
/এএসএফ