রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে সীমানাপ্রাচীর ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে লাভ রোড ও মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য অনেকে সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ সীমানাপ্রাচীর ধসে পড়লে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।
ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়তে দেখে তিনি ঘটনাস্থলের দিকে দৌড়ে যান। তাঁর ভাষ্য, দেয়ালের নিচে চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। তাঁদের মধ্যে এক নারীর পা ভেঙে যেতে দেখেছেন তিনি।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাস্থলে থেকে বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।