চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং প্রকল্পের নকশায় টেকসই জ্বালানি সমাধান অন্তর্ভুক্ত করার শর্তে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বিষয়টি জানান। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশে শিল্পায়নের গতি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্প অনুমোদন পেয়েছে।
মোট ব্যয়ের মধ্যে সরকার বহন করবে ১ হাজার ৭২২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা। অবশিষ্ট ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে।
প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার জন্য বাস্তবায়নকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন।
তিনি আধুনিক পরিবেশগত মান ও প্রটোকল অনুসরণ করে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেন। পাশাপাশি একটি আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশ দিয়ে বলেন, পরিশোধিত পানি যেন পুনরায় ব্যবহারযোগ্য করা হয়।
প্রধানমন্ত্রী প্রকল্পের মূল প্রস্তাবে থাকা ত্রুটিগুলো সংশোধন করে পরিবেশগত কোনো ঘাটতি না রাখার বিষয়েও কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ ছাড়া পুরো শিল্পাঞ্চলে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে শিল্পাঞ্চলজুড়ে সৌর প্যানেল স্থাপনেরও নির্দেশনা দেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি শোধন ও পুনর্ব্যবহার সুবিধা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তি সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের শর্তেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনায় এসব পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগের পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে হবে।
/এসএন