দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। পরে আদালত দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আমিরাত কর্তৃপক্ষ তাদের চিঠিতে উল্লেখ করেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষাপটে জারি করা ইন্টারপোলের রেড নোটিশ (নং-A-5174/4-2025) অনুসারে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আইনি বিধান অনুযায়ী, গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করা হলে আইনি জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব নথি আরবি ভাষায় অনূদিত, যথাযথভাবে স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত অবস্থায় জমা দিতে হবে।
আমিরাতের আইন অনুযায়ী প্রত্যর্পণ আবেদনের সঙ্গে যেসব নথি সংযুক্ত করতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে—
অভিযুক্ত ব্যক্তির পূর্ণ পরিচয়, ছবি, জাতীয়তা ও আবাসনসংক্রান্ত তথ্য।
অভিযুক্ত অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইনি ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার বিধানের অনুলিপি।
বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষের জারিকৃত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।
অপরাধ সংঘটনের সময়, স্থান, ধরন ও তদন্ত-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনের কপি।
অভিযুক্ত ব্যক্তি যদি ইতোমধ্যে দণ্ডিত হয়ে থাকেন, তবে আদালতের রায় এবং সাজা কার্যকরের আনুষ্ঠানিক নথি।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে জারি হওয়া ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। জানা গেছে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রার পথে দুবাই ট্রানজিটে তাকে আটক করা হয়।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশত্যাগ করেন।/এএসএফ