• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম


গোপন সংবাদের ভিত্তিতে আটক গাজীপুর সদর যুবলীগের সাধারণ সম্পাদক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৮:৪৭ পিএম

গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার প্যারাগন হ্যাচারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলায়েত হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আল মামুন বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (১৬ জুন) বেলায়েত হোসেনকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। /এএসএফ