ছবি: সংগৃহীত
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের দায়মুক্তির আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ পড়ে শোনান। এরপর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন নির্ধারণ করা হলেও পরে তা মুলতবি করা হয়েছিল।
গত ২৩ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। অন্যদিকে, ১৯ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে প্রসিকিউশন।
সেদিন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। পরে উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন নির্ধারণ করেছিল।
এই মামলায় শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন— তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।