দুর্নীতি ও অর্থপাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবহিত করা হয় যে, দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের আবেদনের পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী গতকাল রাতে দুবাইয়ে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত দুবাই পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে গ্রেপ্তারের বিস্তারিত পরিস্থিতি ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।এর আগে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার তদন্তের ধারাবাহিকতায় তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
/বিএসএস