• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম


বেনজীরকে দেশে ফেরাতে তিন শর্তের কথা বললেন শিশির মনির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৭:২১ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তবে এজন্য তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া: একটি সারসংক্ষেপ’ শীর্ষক এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।

শিশির মনির বলেন, বর্তমানে বাংলাদেশ ও ইউএইর মধ্যে কোনো কার্যকর দ্বিপাক্ষিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি নেই। তবে ২০১৪ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন’ এবং ‘অ্যাগ্রিমেন্ট অন ট্রান্সফার অব সেন্টেন্সড প্রিজনার্স’ বিচারিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে।

তিনি উল্লেখ করেন, প্রত্যর্পণ চুক্তি না থাকলেও বাংলাদেশের ‘এক্সট্রাডিশন অ্যাক্ট, ১৯৭৪’-এর ৪ নম্বর ধারা অনুযায়ী সরকার চাইলে আইনের আওতায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনা করতে পারে।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, ইউএইর আইনের অধীনে গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশকে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এ প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব প্রস্তুত করবে, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে তা পাঠাবে এবং বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সার্বক্ষণিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

তার মতে, প্রত্যর্পণ আবেদনের সঙ্গে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এফআইআর, চার্জশিট অথবা তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ, অভিযুক্তের পরিচয় ও নাগরিকত্বের তথ্য, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন এবং অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণাদি সংযুক্ত করতে হবে।

শিশির মনির বলেন, আবেদন পাওয়ার পর ইউএইর আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করবে। এর মধ্যে রয়েছে অভিযুক্ত অপরাধ ইউএইর আইনেও অপরাধ হিসেবে বিবেচিত হয় কি না, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না এবং বাংলাদেশে ফিরিয়ে আনার পর অভিযুক্ত ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ বিচার পাবেন কি না।

অতীতের একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মোহসিন মিয়া ও আরিফ সরকারকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তার মতে, যথাযথ নথিপত্র ও সংশ্লিষ্ট দেশের সহযোগিতা থাকলে প্রত্যর্পণ সফল হওয়া সম্ভব।

পোস্টের শেষাংশে শিশির মনির বলেন, বেনজীর আহমেদের সফল প্রত্যর্পণ মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করবে। এগুলো হলো—নিখুঁত ও শক্তিশালী আইনি নথিপত্র, অভিযুক্তের পরিচয় ও মামলার তথ্যের নির্ভুল উপস্থাপন এবং ধারাবাহিক ও উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা।

তিনি মনে করেন, এই তিন ক্ষেত্রে বাংলাদেশ সফল হতে পারলে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

/এসএন