দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী পাঁচ বছরে বাস্তবায়িত হতে যাওয়া এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচির স্থানে যান। এ সময় তার পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাড়িতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ।সরকারি সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা রোপণ করা হবে।
এছাড়া ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দর থেকে তিনি সদর উপজেলার পিএমখালী এলাকায় যান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
/বিএসএস