• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৫ এএম


চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ৪:০৯ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুপুরে গুলিবিদ্ধ হয়ে মাসুদ চৌধুরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ বা স্থানীয় কোনো দ্বন্দ্ব থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

/বিএসএস