রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত জামায়াতের কয়েকজন নেতা এবং বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঘিরে একটি ব্যানার টানানো হয়। এ সময় বেরোবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ব্যানারটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
অভিযোগ রয়েছে, এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী শিবিরের এক কর্মীকে মারধর করেন এবং পরে গাছের ডাল ও চেয়ার নিয়ে হামলা চালান। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা মেহেদী হাসানসহ শিবিরের দুজন এবং ছাত্রদলের একজন নেতাকর্মী আহত হন।
ঘটনার পর শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সড়ক ও মাঠে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা মূল ফটকের দিকে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা বস্তায় করে ইট এনে শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুড়ে মারেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিবিরের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা মূল ফটকের বাইরে সরে যান। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার বিষয়ে প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংঘর্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
/এএসএফ