• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম


এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়া নিয়ে সংসদে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১২:৪৯ এএম

ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন একটি গাড়িতে চড়ে নিজ এলাকায় যাওয়ার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সংসদে এক আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান এ প্রসঙ্গ উত্থাপন করে মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘নুন খেয়ে’ কিছু করছেন।

পরে এ বক্তব্যের জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নজিবুর রহমানের ‘সেন্স অব হিউমার’-এর জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।

ঘটনার ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিদেশ থেকে দেশে ফেরার পর কক্সবাজারে তাঁকে অভ্যর্থনা জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল। সে সময় বিমানবন্দরে কোনো ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারেনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কক্সবাজারে যখন আমি গিয়েছি, লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। কোনো গাড়ি বিমানবন্দরে ঢোকার সুযোগ পায়নি। অনেক মাইক্রোবাস ছিল। একটাতে উঠলাম, সেখানে জায়গা হলো না। আরেকটাতে উঠলাম। পরে সমর্থকেরা আমাকে আরেকটি গাড়িতে উঠিয়ে দেয়।’

তিনি আরও বলেন, পরে জানতে পারেন, যে গাড়িটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেটি বহু পুরোনো এবং এটি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল, তার বাস্তব ভিত্তি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। ১৭-১৮ বছর আগের একটি গাড়ি। তারপরও যদি সেটা ভুল হয়ে থাকে, আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি তখনই পরিষ্কার হয়ে গেছে। এটা একটা পুরোনো ইস্যু।’

নিজের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে। খুব একটা গরিব না।’

বক্তব্যের একপর্যায়ে নজিবুর রহমানের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি অনেক আগেই নিষ্পত্তি হয়েছে এবং পুরোনো একটি প্রসঙ্গ আবার সামনে আনা হয়েছে।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। সংসদের কার্যবিবরণীতে অসংসদীয় কোনো বক্তব্য থেকে থাকলে তা বিধি অনুযায়ী বাদ দেওয়া হবে।