• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ এএম


রিকশা-অটোরিকশা বন্ধ নয়, আসবে লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৮:০৫ এএম

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তবে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খল পরিবহনব্যবস্থা চলতে পারে না। রিকশা বা অটোরিকশা বন্ধের কোনো পরিকল্পনা না থাকলেও সেগুলোকে নিয়মের মধ্যে আনতে হবে। হকারদের মতোই রিকশা, ভ্যান ও অটোরিকশাকেও নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “যে কেউ বাইরে থেকে এসে ঢাকায় রিকশা চালানো শুরু করলে সেটি শৃঙ্খলার মধ্যে পড়ে না। যে এলাকার চালক, তাকে সেই এলাকাতেই যানবাহন চালাতে হবে। এতে নগর পরিবহন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।”

আবদুস সালাম জানান, লাইসেন্সিং ও নিবন্ধন চালু হলে চালকদের পরিচয় নির্ধারণ সহজ হবে এবং যানজট কমাতেও সহায়ক ভূমিকা রাখবে।

ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এসব যানবাহনের ব্রেকিং ব্যবস্থাসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে সেগুলো পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো—রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারীদের উচ্ছেদ করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতোমধ্যে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে একই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএসএফ